নিখোঁজ নয়, ঘুরতে গিয়েছিলেন জনতা ব্যাংকের সেই ডিজিএম

জাতীয়
নিখোঁজ নয়, ঘুরতে গিয়েছিলেন জনতা ব্যাংকের সেই ডিজিএম
নিউজ ডেস্ক
৭ জুলাই ২০২৫

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিখোঁজ হওয়া জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান সুস্থভাবেই বাসায় ফিরেছেন। পরিবার ও পুলিশ জানিয়েছে, তিনি পূর্ব পরিকল্পনা ছাড়াই কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। রোববার সকালে (৬ জুলাই) তিনি বাসায় ফেরেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মুশফিকুর রহমান নিজেই ফিরে এসেছেন। পরিবার জানায়, তিনি কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। মোবাইল ফোন বাসায় রেখে যাওয়ায় যোগাযোগ সম্ভব হয়নি।”

শুক্রবার (৪ জুলাই) দুপুরে জুমার নামাজের কথা বলে খিলক্ষেতের পূর্ব নামাপাড়া এলাকার নিজ বাসা থেকে বের হন মুশফিকুর রহমান। তবে তিনি মসজিদেও যাননি বলে সিসিটিভি ফুটেজে দেখা যায়। ফোন না নেওয়ায় পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ওসি সাজ্জাদ হোসেন বলেন, “প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হই যে তিনি জুমার নামাজ পড়তে মসজিদে যাননি। তারপর থেকে অনুসন্ধান চলছিল। পরে জানা যায়, তিনি আসলে নিজের ইচ্ছায় বেড়াতে গিয়েছিলেন।”

মুশফিকুর রহমান নিখোঁজ হওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকে ব্যাংক কর্মকর্তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তবে তার ফিরে আসায় পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।