জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’
ট্রাইব্যুনালে সাবেক এই পুলিশ প্রধানের বক্তব্যে জানা যায়, তিনি এই মামলায় রাজসাক্ষী হিসেবে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং কারাগারে থাকা সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন নিজেই।
বিচারপতি মো. গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এ সিদ্ধান্ত ঘোষণা করে।


