বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশন স্থাপনে সরকারে চূড়ান্ত অনুমোদন
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (OHCHR) একটি মিশন স্থাপনের পথ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হলো। এ লক্ষ্যে প্রস্তাবিত সমঝোতা স্মারকের (MoU) খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের “নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশন”-এর ঐচ্ছিক প্রটোকল (OPCAT) অনুসারে মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের কাঠামো গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ ১৯৯৮ সালেই কনভেনশনটিতে স্বাক্ষর করে, আর এবার ঐচ্ছিক প্রটোকলেও পক্ষভুক্ত হওয়ার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
এই মিশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশের ভেতরে মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়নের সুযোগ পাবে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা। একইসঙ্গে জাতীয় মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে তারা।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত সরকারের স্বচ্ছতা, মানবাধিকার প্রতিশ্রুতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।


