ডব্লিউএইচও থেকে অনির্দিষ্টকালের ছুটিতে হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ

জাতীয়
ডব্লিউএইচও থেকে অনির্দিষ্টকালের ছুটিতে হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ
নিউজ ডেস্ক
১২ জুলাই ২০২৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন। ১১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। ডব্লিউএইচওর পক্ষ থেকে জানানো হয়েছে, তার অনুপস্থিতিতে এই অঞ্চলের দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহমে।

ডব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেয়েসুস এক ইমেইল বার্তায় সংস্থার কর্মীদের জানান, ড. বোহমে আগামী ১৫ জুলাই নয়াদিল্লির সিয়ারো অফিসে যোগ দেবেন।

সায়মা ওয়াজেদ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা, ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে তার নিয়োগ শুরু থেকেই নানা বিতর্ক ও প্রশ্নের মুখে পড়ে। সাম্প্রতিক সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অভিযোগে বলা হয়, তিনি তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন এবং একটি জাতীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুলভাবে নিজের ভূমিকা তুলে ধরেছেন। এছাড়াও, তার পরিচালিত সুচনা ফাউন্ডেশনের আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন উঠেছে।

সায়মার ছুটির সময়সীমা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে তার অনুপস্থিতিতে WHO-র এই অঞ্চলের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।