অপরাধ দমনে সারাদেশে চিরুনি অভিযান শুরু, সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল

জাতীয়
অপরাধ দমনে সারাদেশে চিরুনি অভিযান শুরু, সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল
নিউজ ডেস্ক
১৩ জুলাই ২০২৫

দেশব্যাপী অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সরকার। খুন, ছিনতাই, মাদক, সন্ত্রাসসহ নানা অপরাধে ঊর্ধ্বগতি ঠেকাতে আজ (রোববার) থেকে শুরু হয়েছে সারাদেশব্যাপী চিরুনি অভিযান। এ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার সকালে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের ১১তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“দেশজুড়ে খুন, চাঁদাবাজি, নারী নির্যাতন, অপহরণ, মাদক চোরাচালানসহ সব অপরাধে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকে নিয়মিত চিরুনি অভিযান চালাবে। সাধারণ মানুষের সহযোগিতাও আমাদের একান্ত প্রয়োজন।”

তিনি জানান, সরকার জনশৃঙ্খলা বিঘ্নকারী কোনো কার্যকলাপ বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেবে না। প্রয়োজনে অভিযান আরও জোরদার করা হবে।

রাজধানীর মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন,

“এটা একটি ভয়ংকর ঘটনা, সভ্য সমাজে এটা মানা যায় না। চাঁদা না পেয়ে প্রকাশ্যে এ ধরনের হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

এদিকে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর ফলে, সারা দেশে যেকোনো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতের মতো ভূমিকা পালন করতে পারবেন।

সাম্প্রতিক সময়ে মিটফোর্ড, আশুলিয়া, খুলনা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অপরাধ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হলো।