উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত ২০ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

জাতীয়
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত ২০ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি
নিউজ ডেস্ক
২১ জুলাই ২০২৫

রাজধানীর উত্তরা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন, যাদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধার কাজ চলমান রয়েছে। কলেজ চত্বরে থাকা একটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছিল বলে জানা গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিধ্বস্ত হওয়ার স্থানটি ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় দুর্ঘটনার সময় শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ ও আগুনের গোলা দেখে অনেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এতে আহত হন বেশ কয়েকজন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি আহতরা শ্বাসনালির জটিলতা ও আংশিক দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এফ-৭ বিজিআই বিমানটি প্রশিক্ষণ উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে এবং নিয়মিত মিশনে ব্যবহারের বাইরে এটি পরিচালিত হচ্ছিল।