শোকের ছায়ায় মাইলস্টোন স্কুল, শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ

জাতীয়
শোকের ছায়ায় মাইলস্টোন স্কুল, শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে বিক্ষোভ
নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫

বিমানের গর্জনে কেঁপে ওঠা মাইলস্টোন স্কুল আজ নিস্তব্ধ। নেই প্রতিদিনের মতো কিশোর শিক্ষার্থীদের কোলাহল, নেই ঘণ্টার ধ্বনি—আছে শুধু ধ্বংসস্তূপ আর থমকে যাওয়া সময়। বিমান বিধ্বস্ত হওয়া হায়দার আলী ভবনের সামনে এখন শুধুই স্তব্ধতা।

গতকাল বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান এখানে বিধ্বস্ত হওয়ার পর প্রাণহানি ও আহতদের ঘটনায় আজ সকাল ৯টায় শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভে বসে। স্কুলের গেটের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা, হাতে হাতে প্ল্যাকার্ড, মুখে শোক আর প্রতিবাদ।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি

১. নিহতদের সঠিক নাম ও তথ্য অবিলম্বে প্রকাশ করতে হবে।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. ঘটনার দিন শিক্ষকদের সঙ্গে সেনা সদস্যদের অসদাচরণে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. প্রতিটি নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে বিমানবাহিনীর পক্ষ থেকে।
৫. ঝুঁকিপূর্ণ ও পুরনো যুদ্ধবিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ প্লেন চালু করতে হবে।
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও ঘাঁটির স্থান পুনর্বিবেচনা করে নিরাপদ ও মানবিক প্রশিক্ষণ ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিমান বিধ্বস্ত হওয়া ভবনটি এখন কার্যত ধ্বংসস্তূপ। বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভবনটি ছিল মূলত তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত।

স্কুল চত্বরে এখনও অপেক্ষা করছেন অনেক শিক্ষার্থীর পরিবার ও স্বজনরা। কেউ খোঁজ নিচ্ছেন নিখোঁজদের, কেউবা অপেক্ষা করছেন খবরের আশায়। সঙ্গে আছেন স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতাও।

অভিভাবক ও স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।