যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের জন্য উত্তরায় নির্ধারিত হলো কবরস্থান, স্মৃতিরক্ষায় থাকবে সংরক্ষণের উদ্যোগ

জাতীয়
যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের জন্য উত্তরায় নির্ধারিত হলো কবরস্থান, স্মৃতিরক্ষায় থাকবে সংরক্ষণের উদ্যোগ
নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের দাফনের জন্য রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশন কবরস্থানে জায়গা নির্ধারণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ড. ইউনূস তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সিদ্ধান্ত জানান।

তিনি লেখেন, “প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের মরদেহ দাফনের জন্য মাইলস্টোন স্কুলসংলগ্ন উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে জায়গা নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে এ স্থানটি স্মৃতিসৌধ হিসেবে সংরক্ষিত রাখা হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (এফটি-৭ বিজিআই) বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে—এর মধ্যে রয়েছেন একজন পাইলট, একজন শিক্ষিকা এবং ২৯ জন শিক্ষার্থী।

সোমবার রাতে এক ভিডিও বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন,
“এটি একটি অচিন্তনীয় দুর্ঘটনা। দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অনেক অভিভাবক এখনো সন্তানদের খুঁজে ফিরছেন। আমি বাকরুদ্ধ।”

তিনি আরও বলেন, “এই ক্ষতির কোনো সান্ত্বনা নেই। তদন্ত হবে, দায়ীদের জবাবদিহি করতে হবে। তবে যারা চলে গেছে, তারা আর ফিরবে না—এটাই সবচেয়ে মর্মান্তিক।”

সরকার ইতোমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। একইসঙ্গে নিহতদের দাফন ও স্মৃতিরক্ষা কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।