শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, সংঘর্ষে আহত অন্তত ৪০ শিক্ষার্থী

জাতীয়
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, সংঘর্ষে আহত অন্তত ৪০ শিক্ষার্থী
নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫

রাজধানীর সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন—আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), আফসানা (১৮), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), নেহাল (২০) প্রমুখ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “বিক্ষোভ থেকে প্রায় ৪০ জন আহত শিক্ষার্থী হাসপাতালে এসেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

আহত শিক্ষার্থীদের অভিযোগ, “আমরা শান্তিপূর্ণভাবে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করছিলাম। কিন্তু পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে।”

তবে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।