গ্রেফতার হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

জাতীয়
গ্রেফতার হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
নিউজ ডেস্ক
২৪ জুলাই ২০২৫

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি ও রায় জালিয়াতিসহ অন্তত তিনটি মামলার অভিযোগ রয়েছে বলে নিশ্চিত করেছে ডিবি সূত্র।

খায়রুল হকের বিরুদ্ধে প্রথম মামলা হয় ২০২৪ সালের ২৮ আগস্ট, শাহবাগ থানায়। মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। অভিযোগে বলা হয়, তিনি প্রধান বিচারপতির দায়িত্বে থাকাকালে “রায় জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার” করেন।

এর ঠিক আগে, ২৫ আগস্ট আরেকটি মামলা হয় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায়। মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল বারী ভূঁইয়া। এতে ২০১০ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া রায়ের বৈধতা ও প্রভাব নিয়ে প্রশ্ন তোলা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তৃতীয় মামলার বিস্তারিত এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে পুলিশের ভাষ্য অনুযায়ী তা “রাষ্ট্রীয় স্বার্থবিরোধী ও বিচারিক অনিয়ম সংক্রান্ত”।

২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খায়রুল হক। পরের বছর ১৭ মে অবসর নেন। তার দেয়া রায়ের মাধ্যমেই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়—যা রাজনৈতিকভাবে বহুল বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত।

সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সংবাদ সম্মেলনে খায়রুল হকের বিরুদ্ধে বিচার দাবি করে। সংগঠনটি তাকে “বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর” হিসেবে অভিহিত করে।

সাবেক প্রধান বিচারপতির গ্রেফতারকে ঘিরে আইনজীবী সমাজ, রাজনৈতিক অঙ্গন ও নাগরিক পরিসরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, এটি বিচার বিভাগের নিরপেক্ষতা ও অতীত সিদ্ধান্তের পুনর্মূল্যায়নের ইঙ্গিত হতে পারে।