চাঙা হচ্ছে পুঁজিবাজার, ফিরছেন বিনিয়োগকারীরা

চাঙা হচ্ছে পুঁজিবাজার, ফিরছেন বিনিয়োগকারীরা
নিউজ ডেস্ক
২৪ জুলাই ২০২৫

দীর্ঘ সময়ের মন্দাভাব কাটিয়ে আবারও চাঙা হতে শুরু করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ধারাবাহিক সূচক ও লেনদেন বৃদ্ধির পাশাপাশি বাজার মূলধনেও দেখা যাচ্ছে উল্লেখযোগ্য উন্নতি। এতে পুরোনো বিনিয়োগকারীদের ফিরে আসা এবং নতুন বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে।

গত বছরের ২ সেপ্টেম্বরের পর চলতি বছরের ২১ জুলাই ডিএসইতে দৈনিক লেনদেন দাঁড়ায় প্রায় ৮৫০ কোটি টাকা। পরদিন তা কিছুটা কমলেও ৭০০ কোটির ওপরে ছিল, যা গত দেড় মাসের মধ্যে উল্লেখযোগ্য উত্থান। মাত্র দেড় মাস আগে, ৪ জুন, এই লেনদেন ছিল মাত্র ২২৪ কোটি টাকা।

ডিএসইর বাজারমূলধন এখন ৭ লাখ কোটি টাকা অতিক্রম করেছে, যা গত বছরের ৯ ডিসেম্বরের পর প্রথমবারের মতো দেখা গেল। প্রধান সূচক ডিএসইএক্স ৯ মাস পর আবারও ৫৩০০ পয়েন্টের কাছাকাছি পৌঁছেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রকাশ ও আসন্ন জাতীয় নির্বাচনের রূপরেখা বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনেছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)-এর সভাপতি সাইফুল ইসলাম বলেন, “পুঁজিবাজারের প্রতি রাজনৈতিক অঙ্গীকার এবং আগাম পরিকল্পনা বিনিয়োগকারীদের সাহস দিয়েছে। অনেকেই আবার লেনদেন শুরু করেছেন।”

তবে বাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদরা এই উত্থানকে ইতিবাচক হলেও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করার আহ্বান জানাচ্ছেন।
অর্থনীতিবিদ ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “সরকার বাজারকে ঘিরে পদক্ষেপ নিচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করেছে। তবে যেকোনো সময় বাজারে মুনাফা নেওয়ার প্রবণতা দেখা দিলে উল্টো চিত্রও দেখা দিতে পারে। তাই দীর্ঘমেয়াদি ও মৌলিক বিশ্লেষণ নির্ভর বিনিয়োগের দিকেই নজর দেওয়া উচিত।”

বাজারের সাম্প্রতিক চিত্র:

  • লেনদেন বেড়ে ৮৫০ কোটি টাকা

  • ডিএসইএক্স ছুঁই ছুঁই ৫৩০০ পয়েন্ট

  • বাজার মূলধন ৭ লাখ কোটি টাকা ছাড়াল

  • পুরোনো ও নতুন বিনিয়োগকারীদের সক্রিয়তা বৃদ্ধি

 বিশেষজ্ঞরা বলছেন, বাজারে স্বল্পমেয়াদি উত্তেজনার পরিবর্তে স্থিতিশীল ও টেকসই প্রবৃদ্ধির দিকেই নজর দেওয়া জরুরি।