দলীয় প্রতীকে আর হবে না স্থানীয় সরকার নির্বাচন: উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত

জাতীয়
দলীয় প্রতীকে আর হবে না স্থানীয় সরকার নির্বাচন: উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত
নিউজ ডেস্ক
২৪ জুলাই ২০২৫

দলীয় প্রতীক বাদ দিয়ে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করতে রাজনৈতিক প্রতীকের পরিবর্তে প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের সুযোগ বাড়ানো প্রয়োজন। তাই দলীয় প্রতীক তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

এর আগে দুপুরে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত চারটি আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়। সংশোধিত আইনের আওতায় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনগুলোতে দলীয় মনোনয়ন ও প্রতীকের বিধান আর থাকছে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে নির্বাচনকালীন রাজনৈতিক সমঝোতা নিয়েও বক্তব্য দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন, তা নির্ভর করবে রাজনৈতিক ঐক্যমতের ওপর। এ বিষয়ে আলোচনা চলছে।’

উল্লেখ্য, দেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো দীর্ঘদিন ধরেই দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এই প্রক্রিয়ায় দলীয় হস্তক্ষেপ ও সহিংসতার অভিযোগ দীর্ঘদিনের। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে স্থানীয় সরকার কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।