সাবেক এমপির বাসায় চাঁদাবাজি: ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫

অপরাধ
সাবেক এমপির বাসায় চাঁদাবাজি: ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫
নিউজ ডেস্ক
২৭ জুলাই ২০২৫

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির অভিযোগে ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবি এবং আগেই ১০ লাখ টাকা গ্রহণের অভিযোগ রয়েছে। চাঁদার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান জানিয়েছেন, শনিবার (২৬ জুলাই) গুলশান-২ এর ৮৩ নম্বর রোডের ওই বাসা থেকে পাঁচজনকে আটক করা হয়। আটকরা হলেন– মো. সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ।

তিনি বলেন, “সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবি করছিলেন তারা। এর আগেও তারা ১০ লাখ টাকা নিয়েছেন। শনিবার তারা পুনরায় বাকি টাকা আনতে গেলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ জানায়, আটককৃত রিয়াদ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। অন্য চারজনও একই ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী।

গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ জানান, জিজ্ঞাসাবাদে রিয়াদ দাবি করেছেন যে, কয়েকদিন আগে সাবেক এমপির স্বামীর আমন্ত্রণে তারা তার গুলশানের বাসায় যান। সেখানেই পাঁচ লাখ টাকা দেওয়া হয় এবং আরও অর্থের বিষয়ে আলোচনার প্রেক্ষিতে তারা শনিবার ফের যান।

রিয়াদের দাবি অনুযায়ী, প্রাপ্ত অর্থের কিছু অংশ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু নিয়েছিলেন, যা দিয়ে তিনি স্ত্রীর চিকিৎসা এবং একটি মোটরসাইকেল কেনেন।

ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, দুই যুবক বাসার একটি গেস্ট রুমে নগদ টাকা নিচ্ছেন। ভিডিওটি ১৭ জুলাইয়ের বলে নিশ্চিত করেছে গুলশান থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, সেটিই চাঁদা গ্রহণের সময় ধারণ করা হয়েছিল।

পুলিশ বলছে, চাঁদা আদায়ের সময় সাবেক এমপিকে “ফ্যাসিস্ট সরকারের দোসর” আখ্যায়িত করে ভয়ভীতি দেখানো হয় এবং চাপে ফেলে অর্থ আদায় করা হয়। তদন্তে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, শাম্মী আহমেদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।