জুলাই সনদ খসড়া চূড়ান্তের পথে: ঐক্যমতের দিকে এগোচ্ছে রাজনৈতিক বলয়

জাতীয়
জুলাই সনদ খসড়া চূড়ান্তের পথে: ঐক্যমতের দিকে এগোচ্ছে রাজনৈতিক বলয়
নিউজ ডেস্ক
২৮ জুলাই ২০২৫

জুলাই অভ্যুত্থানের একবছর পূর্তির আগমুহূর্তে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ নামে একটি ঐতিহাসিক নথির খসড়া চূড়ান্ত হওয়ার পথে। জাতীয় ঐকমত্য কমিশনের তত্ত্বাবধানে এই সনদের খসড়া দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। ৩০ জুলাই দুপুর ১২টার মধ্যে এই খসড়া বিষয়ে দলগুলোর মতামত জমা দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজ নেতৃত্বাধীন কমিশন গত পাঁচ মাস ধরে ধারাবাহিক বৈঠক ও সংলাপের মাধ্যমে এই খসড়া প্রস্তুত করেছে।

খসড়ার প্রারম্ভিক অংশে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, হাজারো শহীদের আত্মত্যাগ এবং রাজনৈতিক অচলাবস্থার পটভূমি তুলে ধরা হয়েছে। এই সনদে একদিকে রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার, অন্যদিকে আছে সংবিধান সংশোধন, বিচারব্যবস্থা, পুলিশ ও দুর্নীতিবিরোধী কাঠামো সংস্কারের প্রতিশ্রুতি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই সনদের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে ২০২৪ সালের অক্টোবর মাসে গঠিত ছয়টি সংস্কার কমিশন—যারা সংবিধান, নির্বাচন, বিচারব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশন নিয়ে পৃথকভাবে সুপারিশ জমা দেয়।

এছাড়া ৩৮টি রাজনৈতিক দলের মধ্যে ৩৫টি দল সাড়া দিয়ে তাদের লিখিত মতামত জমা দেয়। এর মধ্যে ৩২টির সঙ্গে ৪৪টি পৃথক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

সনদটিতে একটি ‘জাতীয় অঙ্গীকারনামা’ সংযোজন করা হয়েছে, যেখানে বলা হয়েছে—আগামী নির্বাচনের পর গঠিত সরকার দুই বছরের মধ্যে এই সনদের সুপারিশসমূহ বাস্তবায়ন করবে। সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এছাড়া, এই সনদের মাধ্যমে ২০২৪ সালের গণআন্দোলন ও শহীদদের স্মরণে সংবিধানে স্বীকৃতি দেওয়ার কথাও বলা হয়েছে।

জুলাই বিপ্লবের বার্ষিকী ও ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে ৫ আগস্ট অথবা ৮ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই ভাষণেই তিনি জুলাই সনদের আনুষ্ঠানিক ঘোষণা এবং নির্বাচনের নতুন সময়সূচি (ফেব্রুয়ারি ২০২৬) জানাতে পারেন বলে জানা গেছে।