বাজারে হঠাৎ দাম বাড়লো পেঁয়াজ ও ডিমের, বিপাকে ক্রেতারা

বাজারে হঠাৎ দাম বাড়লো পেঁয়াজ ও ডিমের, বিপাকে ক্রেতারা
নিউজ ডেস্ক
৪ আগস্ট ২০২৫

পণ্য সরবরাহে বিঘ্ন ও মৌসুম শেষের অজুহাতে হঠাৎ করে বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় দুই পণ্যের—পেঁয়াজ ও ডিমের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজিতে ১০ টাকা এবং ডিম ডজনপ্রতি ১০-১৫ টাকা বেড়েছে।

পেঁয়াজের বর্তমান বাজার দর:
এখন বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা দরে, যা গত শুক্রবার ছিল ৬০ থেকে ৬৫ টাকা। এর আগেও এক দফা দাম বেড়ে ৫০ টাকা থেকে ৬০ টাকায় এসেছিল।

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা জুবায়ের আলী জানান,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“কয়েকদিন আগেও প্রতি পাল্লা পেঁয়াজ বিক্রি করেছি ২৫০ টাকায়, এখন সেটি ৩২০ টাকা। উৎপাদন এলাকাগুলোতে মণপ্রতি দাম ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে।”

পাবনা, ফরিদপুরসহ পেঁয়াজ উৎপাদনকারী এলাকায় বৃষ্টিজনিত সরবরাহ সংকটকে দামের উল্লম্ফনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন ব্যবসায়ীরা।

টিসিবি’র তথ্য অনুযায়ী, গত এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

ডিমের বাজারও অস্থির:
একইভাবে, ফার্মের লাল ডিম ডজনপ্রতি এখন ১৩৫ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। যেখানে এক সপ্তাহ আগেও দাম ছিল ১২৫ থেকে ১৩০ টাকা, আর মাস দুয়েক আগেও ছিল ১২০ টাকার মধ্যে।

সেগুনবাগিচা বাজারের ডিম বিক্রেতা শরীফ হোসেন জানান,

“সোমবার সকালে ১০০টি লাল ডিম কিনেছি ১০৪০ টাকায়। কয়েকদিন আগেও ৮৫০-৯১০ টাকায় কিনতাম।”

সাদা ডিম তুলনায় কিছুটা সস্তা—প্রতি ডজন ১৩০ টাকা। তবে চাহিদা কম হওয়ায় বিক্রি তুলনামূলক কম।

টিসিবি ও কৃষি বিপণন অধিদপ্তরের তদারকির ঘাটতি এবং বাজারে কার্যকর মনিটরিং না থাকায় বারবার এভাবে দাম বাড়ানো সম্ভব হচ্ছে বলে মনে করছেন ভোক্তারা।

“বাজারে গেলেই মনে হয় যুদ্ধক্ষেত্র! সপ্তাহে সপ্তাহে জিনিসের দাম বাড়ছে, কিন্তু আয় তো বাড়ছে না”—বললেন বংশালের গৃহিণী রাবেয়া খাতুন।