সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত, ব্যয় ৫১৭ কোটি টাকা
দেশের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে যাচ্ছে সরকার। এ আমদানিতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫১৭ কোটি ১৯ লাখ টাকা।
বুধবার (৬ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এই এলএনজি কেনার প্রস্তাব পাস হয়। ২২ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৫ সময়কালে ৪০তম এই কার্গো সরবরাহ করা হবে।
পেট্রোবাংলা ২৩টি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে থেকে দর আহ্বান করলে ৩টি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। তিনটিই কারিগরি ও আর্থিকভাবে উপযুক্ত হিসেবে বিবেচিত হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে সিঙ্গাপুরের ‘আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড’-এর প্রস্তাব গৃহীত হয়।
প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১২.২৮৯ মার্কিন ডলার। মোট ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি সরবরাহে ব্যয় হবে ৫১৭ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০৬ টাকা।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে গ্যাসের সরবরাহ ও মূল্য ওঠানামার মধ্যে এই ধরনের আগাম চুক্তি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


