টাকা ছাপানো-বণ্টনে বিশাল অঙ্কের অর্থ খরচ, ক্যাশলেস লেনদেন বাড়াতে হবে: গভর্নর

টাকা ছাপানো-বণ্টনে বিশাল অঙ্কের অর্থ খরচ, ক্যাশলেস লেনদেন বাড়াতে হবে: গভর্নর
নিউজ ডেস্ক
১০ আগস্ট ২০২৫

নগদ টাকা ছাপানো, পরিবহন ও বণ্টন—এই তিনটি প্রক্রিয়ায় প্রতিবছর রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ২০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলছেন, এই বিশাল ব্যয় কমাতে হলে ক্যাশলেস লেনদেন বা নগদবিহীন অর্থনীতির দিকে দ্রুত অগ্রসর হতে হবে।

রোববার (১০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।

গভর্নর বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“নগদ টাকা ব্যবস্থাপনায় রাষ্ট্রকে প্রতিবছর ২০ হাজার কোটি টাকা খরচ করতে হয়। এটিকে কমিয়ে আনতে হলে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে হবে। এ লক্ষ্যে কিউআর কোডভিত্তিক লেনদেনের পরিধি বাড়াতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।”

তিনি জানান, সব লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানকে কিউআর কোড চালু করার বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে। এতে করে লেনদেন আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির প্রসঙ্গে গভর্নর বলেন,

“স্মার্টফোন এখন আর বিলাস নয়, বরং আর্থিক ব্যবস্থার কেন্দ্রে অবস্থান করছে। ৬-৭ হাজার টাকার মধ্যে মানসম্মত স্মার্টফোন সহজলভ্য হলে দেশের শতভাগ মানুষ ডিজিটাল লেনদেনে অংশ নিতে পারবে।”

তিনি আরও বলেন, ইন্টারনেট খরচ কমানো এবং সেবার মান উন্নয়নও এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন,

“গত এক বছরে অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতে কিছু সংস্কার এনেছে, যা বড় ধরনের অর্থনৈতিক সংকট থেকে দেশকে রক্ষা করেছে। রপ্তানি খাত কিছুটা স্থিতিশীল রয়েছে।”

তবে একইসঙ্গে তিনি বিদেশি বিনিয়োগ না আসা, কর্মসংস্থান না বাড়া ও রাজস্ব ঘাটতির মতো উদ্বেগজনক বিষয়গুলোও তুলে ধরেন।

সংলাপে আরও অংশগ্রহণ করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আলোচনায় সরকার ও বিরোধী পক্ষ থেকে ভিন্ন ভিন্ন মত উঠে আসে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে।