আবারো এয়ার টিকিটের উচ্চ মূল্য, বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট
বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে বিমান টিকিটের দাম হঠাৎ দ্বিগুণের বেশি বেড়ে গেছে। যেখানে মাত্র দুই সপ্তাহ আগে রিয়াদ, জেদ্দা, দাম্মাম কিংবা কুয়েতগামী টিকিট পাওয়া যেত ৪০-৪৫ হাজার টাকায়, এখন সেই একই টিকিটের জন্য যাত্রীদের গুনতে হচ্ছে ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত।
ট্র্যাভেল খাতের সংশ্লিষ্টরা বলছেন, এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কাজ করছে এয়ারলাইন্স ও তাদের নিয়োজিত গ্লোবাল সেলস এজেন্টদের (জিএসএ) ‘সিন্ডিকেট’। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অগ্রিম নাম ছাড়া টিকিট ব্লক করে কৃত্রিম সংকট তৈরি করছে, আর এই সংকটেই বাজারে উড়ছে টিকিটের দাম।
বৃহস্পতিবার দেখা গেছে, অনেক যাত্রী ঢাকা থেকে কুয়েতগামী একটি টিকিটের জন্য ১ লাখ ১৮ হাজার টাকা পর্যন্ত গুনেছেন। রিয়াদগামী টিকিটের দাম ছাড়িয়েছে ৯০ হাজার টাকা। অথচ মাত্র মাসখানেক আগেও এসব রুটে টিকিটের দাম ছিল অর্ধেকেরও কম।
গত ১১ ফেব্রুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১০ দফা নির্দেশনা জারি করে, যার একটি ছিল “নাম ও পাসপোর্ট কপি ছাড়া টিকিট বুকিং করা যাবে না।” কিন্তু বাস্তবে এর কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না। অধিকাংশ বড় ট্র্যাভেল এজেন্সি এখনো নাম ছাড়া ‘গ্রুপ টিকিট’ ব্লক করে বসে আছে।
এয়ারলাইন্স ও তাদের জিএসএরা বিশেষ কিছু সিন্ডিকেট এজেন্সিকে কমদামে টিকিট বরাদ্দ দিয়ে পরে সেটি বাজারে ২০০-৩০০ ডলার বাড়িয়ে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। এতে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ যাত্রীরা, বিশেষ করে যারা প্রবাসী কর্মী।
ফেব্রুয়ারিতে গঠিত সরকারি তদন্ত কমিটির কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। এখনো পর্যন্ত তারা কোনো সুস্পষ্ট প্রতিবেদন প্রকাশ করেনি, নেয়নি দৃশ্যমান কোনো ব্যবস্থা।
বিমান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। টাস্কফোর্স গঠনের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে কোনো মনিটরিং কার্যক্রম চোখে পড়ছে না।


