বৈদেশিক মুদ্রার রিজার্ভে আশার আলো, ফের ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভে আশার আলো, ফের ছাড়াল ৩১ বিলিয়ন ডলার
নিউজ ডেস্ক
২৮ আগস্ট ২০২৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে পুনরায় ইতিবাচক গতি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (২৭ আগস্ট) দিনের শেষে দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয় ও রপ্তানি খাতে প্রবাহ বাড়ার কারণেই রিজার্ভে এই ‍উল্লম্ফন এসেছে। এছাড়াও আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ সহায়তাও রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, জুন মাসের শেষ দিকে গ্রস রিজার্ভ ৩১ দশমিক ৭২ বিলিয়নে পৌঁছায়, যা ছিল গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। তখন বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

২০২১ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছায় রিজার্ভ। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক নানা কারণে তা দ্রুত কমে গিয়ে ২০২৪ সালের জুলাইয়ে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে আসে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থপাচার রোধ, হুন্ডি দমন এবং বৈধ পথে রেমিট্যান্স আনায় নীতিগত পরিবর্তন আনে। এর ফলে প্রবাসী আয়ে গত অর্থবছরে প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা রিজার্ভে প্রত্যক্ষ প্রভাব ফেলেছে।

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, রিজার্ভ বৃদ্ধি সময়সাপেক্ষ হলেও বর্তমান ইতিবাচক প্রবণতা ধরে রাখতে হলে রপ্তানি বহুমুখীকরণ, রেমিট্যান্স প্রণোদনা এবং বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা প্রয়োজন।