রাতেই হাসপাতালে গেলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। নিয়মিত চেকআপের অংশ হিসেবেই এ যাত্রা বলে জানিয়েছেন দলের সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টা ১৮ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তার যাত্রা শুরু হয়। নিরাপত্তা ও চিকিৎসা সহায়তার জন্য তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্য, চিকিৎসক ও ব্যক্তিগত সহকারীরা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, “চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকটি টেস্ট ও মেডিকেল মূল্যায়নের প্রয়োজন ছিল। সে অনুযায়ী ম্যাডামকে হাসপাতালে নেওয়া হয়েছে।”
দলীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়ার লিভার, কিডনি এবং হৃদ্যন্ত্র–সংক্রান্ত জটিলতা রয়েছে। এছাড়া তিনি দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস ও ডায়াবেটিসে ভুগছেন। চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ প্যানেল তার স্বাস্থ্যের সার্বিক পর্যবেক্ষণে কাজ করছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারিত হবে। তিনি কতদিন হাসপাতালে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।


