নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা চলছে — অভিযোগ বেগম সেলিমা রহমানের

রাজনীতি
নির্বাচনী প্রক্রিয়া বানচালের চেষ্টা চলছে — অভিযোগ বেগম সেলিমা রহমানের
নিউজ ডেস্ক
৩০ আগস্ট ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেছেন, দেশে কিছু রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, “আমরা একটি দুঃশাসনকে বিদায় দিয়েছি, কিন্তু এখনো স্বৈরাচারের দোসরদের পদধ্বনি শোনা যাচ্ছে।”

শনিবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ প্রজন্ম ৭১’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, “বিএনপির বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে নানা ষড়যন্ত্র চলেছে। আমাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, খালেদা জিয়াকে হত্যার চেষ্টা হয়েছে। স্বৈরশাসক সরকার তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে তিনি বলেন, “আজকের এই দিনে আমরা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বহু নিখোঁজ নেতাকে স্মরণ করছি। গত এক যুগে গুম-খুনের রাজনীতি চালিয়ে একটি দল শুধু টিকে থাকার লড়াই করেছে।”

তিনি অভিযোগ করেন, “বর্তমানে কয়েকটি রাজনৈতিক দল অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচনী প্রক্রিয়া বানচাল করার ষড়যন্ত্র করছে। এটি গণতন্ত্রের জন্য হুমকি এবং জনগণ তা কখনো মেনে নেবে না।”

সেলিমা রহমান সাম্প্রতিক ছাত্রনেতা নুরুল হক নুরের ওপর হামলারও নিন্দা জানান। তিনি বলেন, “নুরের ওপর বর্বরোচিত হামলা এ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে। এর দায় কার—তা খুঁজে বের করতে হবে। আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পথ সুগম করতে আহ্বান জানাই।”