নুরের সবশেষ অবস্থা জানালেন চিকিৎসক
গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
রোববার সকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, “নুরের সিটি স্ক্যান রিপোর্ট ইতিবাচক। চারটি বড় ধরনের আঘাত থাকলেও ধীরে ধীরে সব কিছু নিয়ন্ত্রণে আসছে।”
হাসপাতাল সূত্রে জানা যায়, নুরুল হক নুরের শরীরে রয়েছে চারটি গুরুতর আঘাত:
-
নাকের হাড় ভেঙেছে
-
চোয়ালের হাড়ে ভাঙা
-
চোখে অভ্যন্তরীণ ক্ষত
-
মস্তিষ্কে হালকা রক্তক্ষরণ, যা এখন কমে আসছে
ঢামেক পরিচালক বলেন, “নুর কিছুটা ট্রমার মধ্যে রয়েছেন। তার সার্বিক চিকিৎসার তত্ত্বাবধানে ৬ সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে।”
গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় হঠাৎ উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে।
এই ঘটনায় নুরুল হক নুরসহ অন্তত ছয়জন আহত হন এবং তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


