জুলাই হত্যা মামলার ৬২ নম্বর আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ স্বপ্না আক্তার গ্রেফতার

জাতীয়
জুলাই হত্যা মামলার ৬২ নম্বর আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ স্বপ্না আক্তার গ্রেফতার
নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকা থেকে ‘জুলাই আন্দোলনের’ আলোচিত হত্যা মামলার আসামি স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে এক গোপন অভিযানে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার সকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, “সোমবার রাতেই যৌথবাহিনী স্বপ্না আক্তারকে গ্রেফতার করে আমাদের হেফাজতে দেয়। মঙ্গলবার তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তথ্য মতে, স্বপ্না আক্তার গুলশান থানায় দায়ের করা জুলাই আন্দোলনের হত্যা মামলার ৬২ নম্বর আসামি। মামলাটিতে ইতোমধ্যে বেশ কয়েকজন অভিযুক্ত গ্রেফতার হলেও স্বপ্না ছিলেন পলাতক।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, স্বপ্না ক্যান্টনমেন্ট থানাধীন ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ মাদক ব্যবসা, জমি দখল ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, ক্ষমতাসীন দলীয় পরিচয়ের সুযোগ নিয়ে এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিতি পান তিনি। নারী-পুরুষ মিলিয়ে তার দুটি নিজস্ব বাহিনী রয়েছে বলে অভিযোগ রয়েছে। শিল্পপতিদের কাছ থেকে প্রভাব খাটিয়ে অর্থ আদায়ের একাধিক অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।


‘জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ ঘটে যাওয়া সহিংসতায় একাধিক শিক্ষার্থী নিহত হন। সেই ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলায় স্বপ্নাসহ ৭০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম চলছে।