ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এর মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।
শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নিরাপত্তাব্যবস্থাও নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং দ্রুত পরিস্থিতি মোকাবিলায় এসব যান ব্যবহার করা হচ্ছে।
নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিও বাড়িয়েছে বিজিবি। ড্রোনের মাধ্যমে শিল্পাঞ্চলগুলোর পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিষয়ে দ্রুত তথ্য পাওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে।
দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। পাশাপাশি বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।
এ ছাড়া স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন বিজিবি সদস্যরা। সম্ভাব্য উত্তেজনা এড়াতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
মূলত শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা এড়ানো, পোশাক কারখানায় স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং উৎপাদন কার্যক্রম সচল রাখতেই এ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বিজিবির এ তৎপরতা অব্যাহত থাকবে।


