জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির দায়িত্ব নয়: রিজভীর কড়া প্রতিক্রিয়া

রাজনীতি
জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির দায়িত্ব নয়: রিজভীর কড়া প্রতিক্রিয়া
নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পার্টিকে নিয়ে বিএনপির কোনো দায় নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, “ফ্যাসিবাদের সহযাত্রীদের রক্ষা করা বিএনপির দায়িত্ব হতে পারে না।”

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।

সম্প্রতি জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছিলেন, “জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির।”
এই মন্তব্যের কড়া জবাবে রিজভী বলেন,
“বিএনপি এখন রাষ্ট্রক্ষমতায় নেই, এখনও সুষ্ঠু নির্বাচন হয়নি। এমন অবস্থায় বিএনপি কীভাবে জাতীয় পার্টির দায়িত্ব নেবে? জাতীয় পার্টি তো শেখ হাসিনার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রিজভী প্রশ্ন তোলেন,
“ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরুসহ অসংখ্য নেতাকর্মী যখন গুম হলেন, তখন জাতীয় পার্টি কী করেছে? তারা তো তখন নিশ্চুপ ছিল।”

২০১৪ সালের বিতর্কিত নির্বাচন ও ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপি প্রার্থীদের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে রিজভী বলেন,
“২০১৪ সালের ভোটে জনগণ ছিল না, জাতীয় পার্টি শেষ মুহূর্তে নির্বাচনে গেল। আর ২০১৮ সালে বিএনপি ভোটে অংশ নিতেই পারেনি। তখন জাতীয় পার্টি কার ভূমিকা পালন করেছে, জনগণ জানে।”

বিএনপি কখনো সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে রিজভী বলেন,
“কে রাজনীতি করবে বা করবে না—এটা আইন ও সরকারের বিষয়। বিএনপি কোনো সহিংসতা চায় না, মব-পলিটিক্স করে না।”

প্রতিষ্ঠাবার্ষিকীর সংবাদ কাভারেজ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন,
“যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন, তাকেই আজ অনেক সংবাদমাধ্যমে শুধু ‘প্রয়াত’ বলা হচ্ছে। ‘শহীদ’ ও ‘স্বাধীনতার ঘোষক’ উপাধি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে।”


উত্তরাঞ্চল ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।