ডিসি পদে লটারি নয়, যোগ্যতা ও প্রক্রিয়ায়ই হবে নিয়োগ: জনপ্রশাসন সচিব

জাতীয়
ডিসি পদে লটারি নয়, যোগ্যতা ও প্রক্রিয়ায়ই হবে নিয়োগ: জনপ্রশাসন সচিব
নিউজ ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিয়ে চলমান আলোচনার মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, জেলা প্রশাসক (ডিসি) পদে কোনোভাবেই লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে না।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কখনো কোনোদিন সিভিল সার্ভিসে লটারির মাধ্যমে পদায়ন হয়নি, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন সামনে রেখে স্বচ্ছতা বজায় রাখতে এসপি পদে লটারির মাধ্যমে পদায়নের প্রস্তাব এসেছে। তবে ডিসি পদে এমন কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানান সচিব মোখলেস উর রহমান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “ডিসি নিয়োগ একটি গঠনমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। এখানে ‘ফিট লিস্ট’, সিলেকশন কমিটি ও প্রধান উপদেষ্টার অনুমোদনসহ একাধিক ধাপ রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় শুধু চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে। এটি এককভাবে কোনো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়।”

আগামী নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। “যেখানে স্থিতিশীলতা আছে, সেখানেই আমরা বদলি করব না। তবে প্রয়োজনে ভালো কর্মকর্তাদের উপরে তোলা হবে। নির্বাচন কমিশনের অধীনেই এসব কার্যক্রম পরিচালিত হবে,” বলেন সিনিয়র সচিব।

তিনি জানান, নির্বাচনকালীন সময়ে ইউএনও বদলির দায়িত্ব থাকে বিভাগীয় কমিশনারের হাতে। এছাড়া ডিসিরা হবেন রিটার্নিং অফিসার এবং ইউএনওরা থাকবেন সহকারী রিটার্নিং অফিসার হিসেবে।

“নির্বাচনকালীন সময়ে এসব বদলি নিয়ে কোনো তদবিরের সুযোগ থাকবে না। যাকে যেখানে পাঠানো হবে, সেখানে তাকে দায়িত্ব পালন করতেই হবে,” বলেন তিনি।