দুর্গাপূজা ঘিরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়
দুর্গাপূজা ঘিরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে আবারও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “গত বছরের মতো এ বছরও দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।”

রোববার রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গত বছর দুর্গাপূজা পুলিশ সদস্যদের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছিল। এবারও একই প্রস্তুতি ও সতর্কতা অবলম্বন করা হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা জনগণের আস্থা অর্জন করেছেন। এবারও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আমি আশাবাদী।”

নির্বাচন প্রসঙ্গে জেনারেল জাহাঙ্গীর বলেন, “নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর বিষয় নয়। এটি একটি সম্মিলিত প্রক্রিয়া—যেখানে জনগণ, রাজনৈতিক দল, প্রশাসন ও নির্বাচন কমিশনের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “২০২৫ সালের ফেব্রুয়ারির নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়, সে লক্ষ্যেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন ভুলে যান। এবার একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত হোন।”

সঙ্গে যোগ করেন, “সমাজ থেকে দুর্নীতি ও মাদক দূরীকরণেও আপনাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময় অল্প, কিন্তু এই কাজগুলোও আপনাদের নজরে রাখতে হবে।”

পুলিশে নিয়োগ ও পোস্টিংয়ে স্বচ্ছতা বজায় রাখতে চান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগে পুলিশ সদস্যদের পোস্টিং লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। কারো প্রভাব নয়, নিয়মই হবে নিয়ামক।”

তিনি বলেন, “এবারের পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় কেউ কোনো অভিযোগ আনতে পারেনি। এটি পুলিশের সক্ষমতা ও নিরপেক্ষতার প্রমাণ।”

লিখিত বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুধু প্রশিক্ষণ নয়—এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় পুলিশের ঐতিহাসিক দায়িত্ব পালনের প্রস্তুতি। আমাদের পুলিশ বাহিনী একটি পেশাদার, সুসজ্জিত এবং দায়িত্বশীল বাহিনী হিসেবে জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম।”