এনআইডি হারালে আর জিডির প্রয়োজন নেই: ইসি সচিব

জাতীয়
এনআইডি হারালে আর জিডির প্রয়োজন নেই: ইসি সচিব
নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে নতুন কার্ড সংগ্রহে এখন আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন হবে না—এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব বলেন, “জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে আমরা আগের মতো জিডি কপি চাচ্ছি না। আবেদনকারীর তথ্য যাচাই করে ইসি নিজেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

এই পরিবর্তনের ফলে সাধারণ জনগণের সময় ও খরচ—দুটিই বাঁচবে, এবং এনআইডি সেবা আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আখতার আহমেদ আরও জানান, এখন থেকে যাদের বয়স ১৬ বছর পূর্ণ হয়েছে, তারা ভোটার না হয়েও জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করতে পারবেন। তবে এই এনআইডি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেবে না, কেবল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিং বা শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারযোগ্য পরিচয়পত্র হিসেবে বিবেচিত হবে।

সিনিয়র সচিব আরও জানান, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন পর্যালোচনায় মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন কমিশনের হাতে এসে পৌঁছেছে। আগামীকাল (বুধবার) এ বিষয়ে কমিশনে আলোচনা হবে।

এছাড়াও তিনি জানান, “প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের জন্য একটি অ্যাপস তৈরি হচ্ছে।” এতে বিদেশে বসবাসকারী বাংলাদেশিরা ভবিষ্যতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।