ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র বাড়ল, প্রকাশ হলো খসড়া তালিকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৪২ হাজার ৬১৮টি ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগের নির্বাচনের তুলনায় এবার কেন্দ্রের সংখ্যা বেড়েছে ৪৬৮টি।
বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ইসি সচিব জানান, বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। ভোটারের চাপ বিবেচনায় গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি করে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত ভোটকেন্দ্রগুলোর অধীনে মোট ২ লাখ ৪৪ হাজার ৪৬টি ভোটকক্ষ থাকবে। এর মধ্যে পুরুষ ভোটারের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং মহিলা ভোটারের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষ নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত খসড়া কেন্দ্র তালিকা নিয়ে দাবি ও আপত্তি গ্রহণ করা হবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরে এসব বিষয় নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবরের মধ্যে, এবং চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ পাবে ২০ অক্টোবর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি। এবারের তালিকায় তা বেড়ে ৪২ হাজার ৬১৮টিতে উন্নীত হয়েছে, যা ভোটগ্রহণ ব্যবস্থাকে আরও বিস্তৃত করবে বলে আশা করছে কমিশন।


