মনে কষ্ট হলেও সমঝোতায় আসুন, রাজনীতিবিদদের প্রধান উপদেষ্টা
রাজনীতিতে মতভেদ থাকতেই পারে, তবে দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে সমঝোতার পথে আসতে হবে—এমন আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি বলেন, “মতের ভিন্নতা থাকলেও জাতীয় ইস্যুতে ঐকমত্যের কোনো বিকল্প নেই। যুক্তির কোনো শেষ নেই, কিন্তু উত্তরণের পথ একটাই—সমঝোতা।”
ড. ইউনূস বলেন, “মনে কষ্ট থাকলেও, মতের অমিল থাকলেও, বৃহত্তর শান্তির জন্য অনেক সময় কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আজ আমাদের সামনে সেই সময় এসেছে।”
তিনি জানান, ছাত্র-জনতার সাম্প্রতিক গণআন্দোলনের পর দেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সবচেয়ে বেশি।
নির্বাচন যেন একটি জাতীয় মহোৎসবে রূপ নেয়, সে লক্ষ্যে সব দলকে আস্থা ও সম্মানের পরিবেশে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। তিনি বলেন, “যখন সনদে স্বাক্ষর করবেন, কোলাকুলি করে করবেন—তা যেন হয়ে ওঠে ঐক্যের প্রতীক।”
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদের অতীত ভুলে সামনে এগোতে হবে। সমঝোতার ভিত্তিতে গঠিত এই অন্তর্বর্তী সরকার সেই সুযোগ সৃষ্টি করেছে। এখন সময়, সেই সুযোগ কাজে লাগানোর।”
সাম্প্রতিক সময়ে দুর্নীতিবিরোধী আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত নেপাল অভ্যন্তরীণ সংকট কাটিয়ে নির্বাচনের দিকে এগোচ্ছে। এমন এক প্রেক্ষাপটে এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


