একাদশে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে তিন ধাপে আবেদন করেও পছন্দের কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের জন্য সুখবর। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসব শিক্ষার্থীদের জন্য ‘চতুর্থ ধাপে’ আবারও আবেদন নেওয়া হবে, যাতে তারা ফাঁকা থাকা কলেজগুলোতে ভর্তির সুযোগ পায়।
রোববার (১৪ সেপ্টেম্বর) একাদশ শ্রেণির মূল ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এরপর সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে একাদশ শ্রেণির পাঠদান শুরু হয়েছে। তবে প্রায় ৫,২৪০ জন শিক্ষার্থী এখনো ভর্তির বাইরে রয়ে গেছে।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এবং একাদশ শ্রেণির ভর্তি কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী অধ্যাপক মো. রিজাউল হক বলেন,
“যারা এখনও ভর্তি হতে পারেনি, তারা হতাশ হবেন না। আমরা চতুর্থ ধাপে আবেদন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে কবে থেকে শুরু হবে, তা এখনও নির্ধারণ হয়নি। আশা করছি, ২-৩ দিনের মধ্যেই ঘোষণা দিতে পারব।”
শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, চতুর্থ ধাপে আবেদন করার সময় শিক্ষার্থীদের ফাঁকা আসন থাকা কলেজগুলোর মধ্য থেকে পছন্দক্রম দিতে হবে। যাদের জিপিএ ভালো, তাদের তুলনামূলক ভালো কলেজে সুযোগ মিলবে। তবে এই ধাপে যেহেতু কলেজগুলোতে আসন সীমিত, তাই পছন্দ বাছাইয়ে সতর্ক থাকতে হবে।
চলতি বছরের ভর্তি পরিসংখ্যান অনুযায়ী, আবেদন করেও ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ২৯৫ জন শিক্ষার্থী রয়েছেন। অন্যদিকে দেশের ৩৭৬টি কলেজ একটিও শিক্ষার্থী পায়নি, এবং ১৬টি কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হতে আগ্রহ দেখায়নি।
বিভিন্ন কলেজে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হলেও যারা এখনো ভর্তি হতে পারেননি, তারা অনিশ্চয়তায় রয়েছেন। অনেকেই কলেজ পছন্দের বাইরে চলে যাওয়ায় আবেদন করেননি কিংবা নির্বাচিত হননি। তাদের জন্যই চতুর্থ ধাপে নতুন করে সুযোগ তৈরি করা হচ্ছে।
যা করতে হবে শিক্ষার্থীদের:
-
একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে।
-
চতুর্থ ধাপের আবেদন শুরুর তারিখ ও নির্দেশনা সেই ওয়েবসাইটেই প্রকাশ করা হবে।
-
আবেদন করার সময় যেসব কলেজে আসন খালি, সেগুলো পছন্দক্রমে রাখতে হবে।


