এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে যে ঘাটতি ছিল, প্রকাশিত ফলাফলে তা প্রতিফলিত হয়েছে। আগামী দিনে এসব ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
গতবারের তুলনায় এবার পাসের হার আরও কমে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, পাসের হার কমে যাওয়া গ্রহণযোগ্য নয়। শিখনপদ্ধতিতে ঘাটতি রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, তা পুনর্নির্ধারণ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া তাঁদের দায়িত্ব।
প্রকাশিত ফলাফল নিয়ে উদ্বেগ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফলে কোনো ত্রুটি রয়েছে কি না, তা পুনর্মূল্যায়নের পর বোঝা যাবে।
আগামী দিনে আরও স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়িত হোক এবং কোনো শিক্ষার্থী যেন অবমূল্যায়নের শিকার না হয়।
অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।


