নতুন করে ইরানে হামলা হলে পাল্টা জবাব হবে অভাবনীয়: সশস্ত্র বাহিনী
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে—এমন আশঙ্কার মধ্যে কঠোর পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলি আব্দুল্লাহি বলেছেন, নতুন করে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘অভাবনীয় জবাব’ দেওয়া হবে। সেই জবাবের কোনো ভৌগোলিক সীমা থাকবে না এবং নতুন যুদ্ধের সমাপ্তি কখন হবে, তা ইরানই নির্ধারণ করবে।
শনিবার (৩১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে আলি আব্দুল্লাহি বলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন। শত্রুপক্ষের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরানের হাতে একাধিক সামরিক সক্ষমতা ও পদক্ষেপ প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভাবনীয় জবাবের সম্মুখীন হবে। আমরাই সেই পক্ষ, যারা এই নতুন যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব।”
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য এই অভিযান স্বল্প সময়ের হলেও এর তীব্রতা বেশি হতে পারে বলে এসব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ধরনের সীমিত হামলার পর যুক্তরাষ্ট্র অভিযান বন্ধ করে দেবে—এমন ধারণা নাকচ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান। তার বক্তব্য অনুযায়ী, নতুন করে হামলা হলে ইরান নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী পাল্টা সামরিক পদক্ষেপ চালিয়ে যাবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অপেক্ষায় না থেকে শত্রুপক্ষের কোনো আক্রমণাত্মক তৎপরতার ইঙ্গিত পেলেই ইরান পাল্টা হামলার সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন আলি আব্দুল্লাহি।
তিনি বলেন, “শত্রুরা আগে হামলা চালাবে, আমরা তার জন্য অপেক্ষা করব না। তাদের কোনো শত্রুতাপূর্ণ গতিবিধি লক্ষ্য করলে কখন এবং কী ধরনের হামলা চালানো হবে, তা আমরাই নির্ধারণ করব।”
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আরও জানান, দেশটির পর্যবেক্ষকরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। এসব তৎপরতার ভিত্তিতে সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করা হচ্ছে।
তিনি বলেন, “জল, স্থল বা আকাশ—যে পথেই হামলা আসুক না কেন, শেষ নিশ্বাস পর্যন্ত তা প্রতিহত করা হবে।”
সূত্র: আলজাজিরা


