নেতানিয়াহুর কোনো পথ নেই, আড়ালে সরকার গঠনের প্রক্রিয়া চলছে: লাপিদ
ইসরায়েলে নতুন সরকার গঠনের আলোচনা আড়ালে এগোচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ। প্রাথমিক নির্বাচনী ফলাফলে কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিরোধীদের ‘চেঞ্জ ব্লক’কে বিজয়ী দাবি করেছেন তিনি। তাঁর মতে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামনে সরকার গঠনের আর কোনো পথ খোলা নেই।
শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী লাপিদ। তিনি বলেন, সরকার গঠনের প্রক্রিয়া নির্বাচনী প্রচারের সম্পূর্ণ বিপরীত। এটি ছোট ছোট কক্ষে, ধীরে ধীরে এবং ক্যামেরার আড়ালে এগিয়ে চলে।
লাপিদ বলেন, “আমি জানি, মানুষ অনিশ্চয়তা একেবারেই পছন্দ করে না। আপনারা যদি জানতে চান, এখন যে নীরবতা চলছে, সেটির আড়ালে কিছু ঘটছে কি না? তাহলে উত্তর হলো—হ্যাঁ।”
প্রাথমিক ফলাফল অনুযায়ী, ইসরায়েলের কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে চেঞ্জ ব্লককে বিজয়ী দাবি করার পক্ষে নিজের যুক্তি তুলে ধরেছেন লাপিদ।
তাঁর হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। এর মধ্যে অতি-কট্টর ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের ৭টি এবং শাস পার্টির ৬টি আসন রয়েছে। এই দুই দলকে জায়নবাদবিরোধী হিসেবে উল্লেখ করে লাপিদের দাবি, নেতানিয়াহুর নিজের জোটের হাতে কার্যত রয়েছে ৪০টি আসন। ফলে তাঁর পক্ষে সরকার গঠন সম্ভব নয়।
লাপিদ বলেন, “এ হিসাবে আমরা জিতেছি। এটি নকআউট জয় ছিল না; পয়েন্টের ব্যবধানে জয়। কিন্তু পয়েন্টও গণনা হয়। তাছাড়া, জয় তো জয়ই।”
অন্যদিকে, নেতানিয়াহুবিরোধী দলগুলো সম্মিলিতভাবে ৬৭টি আসন পেয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে বেশি। তবে এই হিসাবের মধ্যে আরব ব্লকের রাআমের ৮টি এবং জয়েন্ট লিস্টের ১১টি আসনও রয়েছে।
চেঞ্জ ব্লকের চারটি দল সম্মিলিতভাবে পেয়েছে ৪৮টি আসন। লাপিদের টুগেদার পার্টি ছাড়াও এই ব্লকে রয়েছে ইয়াশার ও ইসরায়েল বেইতেনু। এসব দলের নেতারা সরকার গঠনে আরব ব্লককে সঙ্গে নিতে অনাগ্রহী। কেবল বামপন্থি দল ডেমোক্র্যাটস এ বিষয়ে কিছুটা নমনীয় অবস্থান দেখিয়েছে।
ফলে নেতানিয়াহুবিরোধী দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা সংখ্যাগরিষ্ঠতার সীমা ছাড়ালেও তাদের মধ্যে মতপার্থক্যের কারণে সরকার গঠনের সমীকরণ জটিল হয়ে উঠেছে।
লাপিদ জানিয়েছেন, ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বে তাদের জোট সরকার গঠনের সর্বোচ্চ চেষ্টা চালাবে। তবে কাজটি কঠিন এবং সফল হওয়ার নিশ্চয়তা নেই বলেও স্বীকার করেছেন তিনি। এ অবস্থায় ইসরায়েলিদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিরোধী এই নেতা।


