আগামী সংসদ অধিবেশনেই পাস হতে পারে সৌরবিদ্যুৎ আইন
ছবি: সংগৃহীত
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার বাড়াতে আগামী জাতীয় সংসদ অধিবেশনেই আইন পাস করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, দেশে সৌরবিদ্যুতের সম্প্রসারণকে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে এ ব্যবস্থা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচি চালু করেছে সরকার। এর মাধ্যমে ঘরে ঘরে সৌরবিদ্যুৎ ব্যবহারের আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য ৮ হাজার ৬০০ সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হয়েছে। এ খাতের সম্প্রসারণের ফলে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে। পাশাপাশি দেশের বাজারে সৌরবিদ্যুৎ পণ্যের গুণগত মান নিশ্চিত করতে সরকার নজরদারি জোরদার করবে।
বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ সহনীয় পর্যায়ে রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে। জনগণের জ্বালানি ব্যয়ের চাপ কমাতে প্রয়োজনীয় ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা করে দেশে জ্বালানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। নির্বাচিত সরকারের দায়িত্ব নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা। যেকোনো পরিস্থিতিতে এ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
গ্যাসের ঘাটতি মোকাবিলায় আরও ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, চাহিদা বিবেচনায় নতুন টার্মিনাল স্থাপন করা হবে। এসব টার্মিনাল গ্যাস সরবরাহের ঘাটতি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও বলেন, বিদ্যমান সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে নাগরিক জীবন স্বাভাবিক ও স্বস্তিদায়ক রাখতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে।


