সড়ক দুর্ঘটনায় মুমূর্ষু রিকশাচালক, জব্দ সাবেক সিআইডি প্রধানের গাড়ি
সাবেক সিআইডিপ্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ি। ছবি: সংগৃহীত
রাজধানীর পল্টনে সাবেক সিআইডি প্রধান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সুলতান (৬০) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার সময় গাড়িটি তার ছেলে চালাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে পল্টনের বক্স কালভার্ট রোডে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি একটি রিকশাকে ধাক্কা দিলে চালক সুলতান গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান।
দুর্ঘটনায় ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর গাড়িটি জব্দ করে পল্টন থানায় নেওয়া হয়েছে। তবে গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক আহত হয়েছেন। তিনি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আরও জানান, গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে। সেটি সাবেক অতিরিক্ত আইজিপির ছেলে চালাচ্ছিলেন বলে শোনা গেলেও এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


