মিরপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, জনদুর্ভোগ
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরের কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকরা মিরপুরের বিভিন্ন সড়কে অবস্থান নিলে যান চলাচল ব্যাহত হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, সকাল পৌনে ১১টা থেকে মিরপুরের কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। আশপাশের বিভিন্ন কারখানা থেকে কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ওসি বলেন, দুপুর আড়াইটার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে পোশাকশ্রমিকরা সরে যান। এতে প্রায় চার ঘণ্টা পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিকেল ৩টার দিকেও মিরপুর-১১ ও কালশী রোডে শ্রমিকদের অবরোধ অব্যাহত ছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানায়, পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ এবং প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হয়।


