বিএনপির কিছু লোক টাকার লোভে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে
ছবি: সংগৃহীত
দলের ভেতরে থেকেই একটি পক্ষ অর্থের বিনিময়ে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দলের কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার পাঁচ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন বলে তাঁরা জানতে পেরেছেন। আর বিএনপির ভেতরের কিছু লোভী ব্যক্তি টাকার বিনিময়ে তাঁদের আশ্রয় দিচ্ছেন। দলের কেউ এ ধরনের কাজে সহযোগিতা করলে তা জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের সতর্ক করে তিনি বলেন, রাজনৈতিকভাবে সুবিধা করতে না পেরে একটি পক্ষ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির এমন অপচেষ্টা বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম করার অধিকার সবার রয়েছে। তারা রাজনীতি করুক, তাতে কোনো বাধা নেই। তবে কেউ অপকর্মে জড়ালে বিএনপির নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না; শক্ত হাতে তা প্রতিহত করবে।
দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি এখনো মাঠে নামেনি। বৃষ্টির মধ্যেও ছোট পরিসরের এই সভায় মানুষের ব্যাপক সাড়া ও আবেগ দেখা গেছে। ঢাকা শহরে বিএনপি মাঠে নামলে কী পরিস্থিতি তৈরি হতে পারে, তা নেতাকর্মীদের বুঝে রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শত্রুপক্ষের মিত্ররা কখনো বিএনপির বন্ধু হতে পারে না। বিএনপির নাম ব্যবহার করে কেউ নিজের অবস্থান বা পরিচয় বদলানোর চেষ্টা করলে দল তাকে ছাড় দেবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সোহাগ ভূঁইয়াসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


