বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী

রাজনীতি
বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী
৩১ অক্টোবর ২০২৬

জ্বালানি সংকটের দায় বিএনপি সরকারের নয় বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিরোধী দলের লং মার্চ কর্মসূচিকে অযৌক্তিক এবং জনগণের কাছে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা) আয়োজিত পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী।

লং মার্চ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কর্মসূচি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিরোধী দলের মধ্যে রাজনৈতিক শূন্যতা ও রাজনীতির ঘাটতি তৈরি হয়েছে। মানুষের সামনে নিজেদের উপস্থিতি তুলে ধরতে তারা এ কর্মসূচি নিয়েছে। এর কোনো যৌক্তিকতা নেই এবং জনগণের কাছেও এটি গ্রহণযোগ্য হবে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জ্বালানি সংকটের বিষয়ে রিজভী বলেন, বাংলাদেশ থেকে গ্যাস পাচার করে এ সংকট তৈরি করেনি বিএনপি সরকার। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে এ সংকট সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি জ্বালানি আমদানির যে পথ, সেখানে বর্তমানে যুদ্ধ চলছে।

তিনি জানান, সরকার জ্বালানির বিকল্প উৎস খুঁজছে। মিয়ানমার ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আসা শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকায় গ্যাস সরবরাহের পরিস্থিতিও অনেকটা স্থিতিশীল হয়েছে বলে দাবি করেন তিনি।

বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, সরকার একের পর এক কী পদক্ষেপ নিয়েছে, তা সাংবাদিকরাই জানেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফর এবং এর আগে চীন সফরের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এসব সফরের মাধ্যমে দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, সমাজে যারা অস্থিরতা সৃষ্টি করছে, তাদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা পালন করছে। কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনা টেনে রিজভী বলেন, এখনকার পরিস্থিতির চেয়ে ভালো অবস্থা আগে কখনো ছিল কি না, তা বিরোধীদেরই জানাতে হবে।