বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম
জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বিএনপি সব সময় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে। বিনা ভোটে কিংবা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সরকারের সাত মাসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ হিসেবে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ সামান্যতমভাবেও বরদাশত করা হবে না।
সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফল তুলে ধরে তিনি বলেন, জনগণ অসংগঠিত রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে।
বিরোধী দলগুলোর রাজনীতির সমালোচনা করে প্রতিমন্ত্রী আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করা রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। সরকারের কোনো ব্যর্থতা কিংবা বিদ্যুৎ লোডশেডিংয়ের মতো বিষয়ে প্রধানমন্ত্রী জাতীয় সংসনে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তাঁর মতে, এটিই বিএনপির সততা ও অন্য দলগুলোর সঙ্গে দলটির পার্থক্য।
তিনি বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। নিরাপদ খাবার পানি সরবরাহ, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের ভিত্তিতে আগামী দিনে ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের আবারও নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডিএনসিসির বিনামূল্যের স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ডিএনসিসির আওতাধীন এলাকার বাসিন্দাদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করা, আক্রান্ত রোগী শনাক্ত করা এবং চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে একটি অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পে স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), পরিবার পরিকল্পনা, অসংক্রামক ব্যাধি, পুষ্টি ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি আগত নগরবাসীর মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


