জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
৩১ অক্টোবর ২০২৬

জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভবিষ্যতে যেন দেশে আর কোনো জুলাই জাদুঘর তৈরি করতে না হয়, সে জন্য রাজনৈতিক ঐক্য ও বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ বন্ধ করতে হবে।

বুধবার (৩১ অক্টোবর) জুলাই স্মৃতি জাদুঘরে আয়োজিত ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে প্রয়োজনীয় সংস্কার করা হবে। তবে এ বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। লংমার্চের মাধ্যমে সংবিধান সংস্কারসংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব নয়। রাজনৈতিক সমঝোতা ও ঐকমত্যের ভিত্তিতেই এ ধরনের সংকট মোকাবিলা করতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে বিচারকরা যথেষ্ট স্বাধীন। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দেশ ও জনগণ। জনগণের ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিচার বিভাগ, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় বিশ্বাস করে সরকার। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে অনেক সংকট এড়ানো সম্ভব।

রাজনৈতিক বিভাজন তৈরি না করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনায় অংশ নিতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই।