‘এনএসআই কর্মকর্তা’ সেজে তুর্কি নাগরিককে ভয় দেখিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

অপরাধ
‘এনএসআই কর্মকর্তা’ সেজে তুর্কি নাগরিককে ভয় দেখিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ১
নিউজ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে এক তুর্কি নাগরিকের কাছে চাঁদা দাবি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। অভিযুক্ত ব্যক্তি মো. রুবেল হোসেন (৩৮), নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর কর্মকর্তা পরিচয় দিয়ে বিদেশি নাগরিকের কাছে টাকা দাবি করেন।

ডিএমপি’র গুলশান থানা সূত্রে জানা গেছে, তুরস্কভিত্তিক এয়ারলাইন্স সংস্থা টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা স্টেশনের মাস্টার সেরকান আকচান থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, সম্প্রতি একটি ফোনকলের মাধ্যমে নিজেকে “এনএসআই গুলশান জোনের সহকারী পরিচালক আব্দুল মুহিন” পরিচয় দিয়ে একজন ব্যক্তি তার পাসপোর্ট যাচাইয়ের জন্য ৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে পরে সেটি ১ লাখ টাকায় গিয়ে দাঁড়াবে বলেও হুমকি দেন।

তুর্কি নাগরিককে ভয়ভীতি দেখানোর বিষয়টি দ্রুত তদন্তে নেমে গুলশান থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর পূর্ব কাজীপাড়া এলাকা থেকে অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে মোবাইল সিম, ফোন এবং ভুয়া কাগজপত্রসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, বিদেশি নাগরিকের নিরাপত্তার স্বার্থে দ্রুত মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়। এসআই মাহফুজুল হক ও তার দল অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হন।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রুবেল স্বীকার করেছেন যে তিনি একাধিকবার বিদেশি নাগরিকদের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনায় শুধু বিদেশিদের নিরাপত্তা নয়, দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়। এই ধরনের প্রতারণা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।