নবীজীর সময়েও নারী অধিকার বিদ্যমান ছিল: ধর্ম উপদেষ্টা
আল-কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, এটি পৃথিবীর প্রথম লিখিত সংবিধান—এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “নবী মুহাম্মদ (সা.)-এর যুগে নারী অধিকার, উত্তরাধিকার আইন, শিক্ষা এবং জাতিগত সমতার প্রশ্নে যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল, তা আজও আধুনিক বিশ্বের কাছে অনুকরণীয়।”
রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, “আমরা বাহ্যিকভাবে নবীজির আদর্শের অনুসরণে যতটা আগ্রহী, ততটাই পিছিয়ে আছি অন্তরের বাস্তব জীবনে সেই আদর্শ ধারণে। সময় এসেছে সীরাত ও সুন্নাহকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে কার্যকরভাবে বাস্তবায়নের।”
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, যিনি যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বলেন, “এ আয়োজন শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক পদক্ষেপ। মহানবী (সা.) নিজেই বলেছেন—‘জ্ঞানার্জন প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ’। তাই আমাদের জ্ঞানচর্চাই হতে হবে জীবনের মূল ভিত্তি।”
সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে সীরাত ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা,আলোচনা সভা,প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ,এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


