শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্প চেয়ে চিঠি নির্বাচন কমিশনের

জাতীয়
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্প চেয়ে চিঠি নির্বাচন কমিশনের
নিউজ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫

নিবন্ধন পেলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক ব্যবহার করতে পারবে না, কারণ এই প্রতীকটি নির্বাচন কমিশনের অনুমোদিত প্রতীকের তালিকায় নেই বলে জানিয়েছেন ইসি সচিব মো. আখতার হোসেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,

“১১৫টি প্রতীকের একটি তালিকা অনুমোদন পেয়েছে। এনসিপি যে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’ প্রতীক চেয়েছে— তা তালিকায় না থাকায় দলটিকে বিকল্প প্রতীক বেছে নিতে হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইসি সচিব জানান, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী অনুমোদিত তালিকার মধ্য থেকেই প্রতীক নিতে হয়। শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে নতুন করে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

“এনসিপি বিকল্প প্রতীক চেয়ে আবার আবেদন করতে পারবে। বিষয়টি কমিশন ও দলের সমঝোতার ভিত্তিতেই নিষ্পত্তি হবে,” — বলেন আখতার হোসেন।

ইসি সচিব আরও জানান, নির্বাচন কমিশন আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, গণমাধ্যম, নারী নেত্রী, শিক্ষক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশ্লেষকদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে। পূজা ও সরকারি ছুটি বিবেচনায় রেখে সময়সূচি ঠিক করা হবে।

সচিব বলেন, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কার্যক্রমও চলমান রয়েছে।

“নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপ আমরা গণমাধ্যমকে জানিয়ে যাচ্ছি। প্রতিদিন নতুন কিছু না হলেও, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা শেয়ার করি,” — বলেন তিনি।