স্থগিত অমর একুশে বইমেলা

জাতীয়
স্থগিত অমর একুশে বইমেলা
নিউজ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২০২৬ সালের অমর একুশে গ্রন্থমেলা আপাতত স্থগিত করেছে বাংলা একাডেমি। নির্বাচনোত্তর সময়ে বইমেলার আয়োজনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বইমেলা স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বরের নির্দেশনা অনুযায়ী, “আগামী জাতীয় সংসদ নির্বাচন শেষে বইমেলা আয়োজনের ব্যবস্থা নিতে হবে।” ফলে পূর্বঘোষিত সময় অনুযায়ী বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে নির্বাচনী প্রস্তুতির কারণে ব্যতিক্রমধর্মী সিদ্ধান্ত হিসেবে বইমেলা ২০২৬ সালের ডিসেম্বরের ১৭ তারিখ শুরু করার প্রস্তাব করা হয়েছিল। তবে বাংলা একাডেমি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এর যৌথ মতামতের ভিত্তিতে তা বাতিল করা হয়।

বাংলা একাডেমি জানিয়েছে, নতুন সময়সূচি নির্ধারণে প্রকাশক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে। নির্বাচন পরবর্তী নিরাপত্তা ও জনস্বার্থ বিবেচনায় রেখে নতুন তারিখ ঘোষণা করা হবে যথাসময়ে।

এদিকে বইপ্রেমী ও প্রকাশকরা মেলার সময়সূচি স্থগিত হওয়ায় হতাশ হলেও, অনেকেই বলছেন এটি বাস্তবতাসম্পন্ন সিদ্ধান্ত, কারণ নির্বাচনকালীন সময়ে জনসমাগম ঘটানো ঝুঁকিপূর্ণ হতে পারে।

প্রসঙ্গত, প্রতি বছর ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে শুরু হয় মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। তবে এবার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচন পরিস্থিতি বিবেচনায় প্রথমবারের মতো আগেভাগে আয়োজনের চিন্তা করা হয়েছিল, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে না।