এনসিপিকে বেগুন-কলা-লাউসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি

রাজনীতি
এনসিপিকে বেগুন-কলা-লাউসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি
নিউজ ডেস্ক
২ অক্টোবর ২০২৫

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রক্রিয়ায় থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে আগামী ৭ অক্টোবরের মধ্যে তাদের নির্বাচনী প্রতীক বেছে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটি ‘শাপলা’ প্রতীক চাইলে‌ও তা নির্বাচন পরিচালনা বিধিমালায় না থাকায় অনুমোদন দেয়নি কমিশন।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি এনসিপিকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। চিঠিটি দলটির কাছে পৌঁছেছে ৩০ সেপ্টেম্বর।

চিঠিতে বলা হয়েছে, এনসিপির নিবন্ধনের আবেদন প্রাথমিকভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হলেও ‘শাপলা’ প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুযায়ী অনুমোদিত প্রতীকের তালিকায় না থাকায় সেটি বরাদ্দ দেওয়া যাচ্ছে না। এনসিপি তাদের আবেদনপত্রে প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইলের নাম উল্লেখ করেছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিধিমালার ৯(১) ধারার উল্লেখ করে কমিশন জানিয়েছে, নির্ধারিত তালিকার মধ্য থেকেই প্রতীক বেছে নিতে হবে। একইসঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯০বি (১)(খ) ধারা অনুযায়ী দলকে জানিয়ে দেওয়া হয়েছে, যে প্রতীক দলটি নির্বাচন করবে সেটিই তাদের জন্য সংরক্ষিত থাকবে—যতদিন না তারা নতুন প্রতীক চায়।

এনসিপিকে একটি চূড়ান্ত তালিকা দেওয়া হয়েছে যেখান থেকে এখনও বরাদ্দ না হওয়া প্রতীক নির্বাচন করতে বলা হয়েছে। তালিকায় রয়েছে—উটপাখি, আলমিরা, বেগুন, খাট, ঘুড়ি, কাঁপ-পিরিচ, চশমা, দালান, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক , মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন প্রতীক চূড়ান্ত করে লিখিতভাবে ইসিকে জানাতে হবে বলে জানানো হয়েছে।