ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সফর সফল হয়েছে

রাজনীতি
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সফর সফল হয়েছে
নিউজ ডেস্ক
৪ অক্টোবর ২০২৫

জাতিসংঘের সাধারণ অধিবেশন ও বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “এই সফরের মূল লক্ষ্য ছিল জাতীয় ঐক্য প্রদর্শন করা। আমরা সেটা সফলভাবে করতে পেরেছি। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের জনগণের প্রত্যাশা, রাজনৈতিক বাস্তবতা ও গণতন্ত্রের দাবিকে তুলে ধরাই ছিল প্রধান উদ্দেশ্য।”

মির্জা ফখরুল জানান, রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব নিয়ে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। “আমরা সন্তুষ্ট যে, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ জাতীয় ঐক্যের বার্তা দিয়েছে। এটি আন্তর্জাতিক মহলের জন্যও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত,” বলেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করছি।”

তিনি আরও জানান, দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী বিএনপি নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে এবং যথাসময়ে পরবর্তী কর্মপন্থা জানানো হবে।

জাতিসংঘ অধিবেশনের বাইরে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক সংলাপ ও বৈঠকগুলোকে “দেশের জন্য অত্যন্ত ইতিবাচক” হিসেবে উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রে উত্তরণের এই সময়ে বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের পাশে রয়েছে—এটাই ছিল এই সফরের সবচেয়ে বড় অর্জন।”