জুলাই আন্দোলনে আমি নিজেকে মাস্টারমাইন্ড হিসেবে দেখি না : তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “জুলাই আন্দোলন” ছিল জনগণের নিজস্ব দাবির প্রতিফলন — এর নেতৃত্ব কোনো ব্যক্তি নয়, দিয়েছে দেশের গণতন্ত্রপ্রত্যাশী মানুষ।
তারেক রহমান বলেন, “আমি কখনোই নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলন শুরু হয়েছে বহুদিন আগেই। জুলাই মাসে এর দৃশ্যমান রূপ প্রকাশ পেলেও এর পেছনে রয়েছে দীর্ঘদিনের সংগ্রাম ও প্রস্তুতি।”
তিনি জানান, আন্দোলনে শুধু রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাই নয়, অংশগ্রহণ করেছে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ। “মাদ্রাসাছাত্র, গৃহিণী, কৃষক, গার্মেন্টসকর্মী, দোকানদার, এমনকি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা পর্যন্ত সেদিন রাজপথে ছিলেন,” বলেন তিনি।
তারেক রহমান আরও জানান, “অনেক সাংবাদিক, যারা দেশে নির্যাতনের শিকার হয়ে বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তারাও আন্দোলনের পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছেন। এই আন্দোলন ছিল একটি সর্বজনীন গণআন্দোলন।”
তিনি জোর দিয়ে বলেন, “এই আন্দোলনের মূল শক্তি ছিল দেশের সাধারণ জনগণ, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। কোনো দল বা ব্যক্তি নয়, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণই ছিল এই আন্দোলনের আসল মাস্টারমাইন্ড।”
এই বক্তব্য বিএনপির রাজনৈতিক অবস্থানকে নতুনভাবে তুলে ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক অচলাবস্থা ও দমন-পীড়নের বিরুদ্ধে এমন এক ঐক্যবদ্ধ অবস্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।


