ড. ইউনূসের ‘থ্রি জিরো’ তত্ত্ব আইসেসকোর কৌশলে যুক্ত করতে চায় সংস্থার মহাপরিচালক
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামি বিশ্ব শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা—আইসেসকোর মহাপরিচালক ড. সালিম এম আল মালিক। সাক্ষাৎকালে তিনি ইউনূসের ‘থ্রি জিরো’ তত্ত্ব—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ—আইসেসকোর কৌশলগত কাঠামোতে অন্তর্ভুক্ত করার অনুমতি চান।
সোমবার (৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
ড. আল মালিক বলেন, “আপনার থ্রি জিরো তত্ত্ব কেবল ব্যাংকিং নয়, বরং পরিবেশ, শিক্ষা, এমনকি খেলাধুলার ক্ষেত্রেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এটি আমাদের যুব উন্নয়ন ও টেকসই ভবিষ্যতের লক্ষ্যগুলোর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। তাই আমরা আনুষ্ঠানিকভাবে এটি আমাদের কৌশলে অন্তর্ভুক্ত করতে চাই।”
তিনি আরও জানান, সদস্য দেশগুলোতে সামাজিক ব্যবসা মডেল প্রতিষ্ঠায় আইসেসকো কাজ করছে। ব্রুনেই, আলজেরিয়া ও নাইজেরিয়ায় ইতোমধ্যে এই মডেলের বাস্তবায়ন শুরু হয়েছে। এছাড়া খাদ্য অপচয় ব্যবস্থাপনা নিয়েও সংস্থা কাজ করছে।
সাক্ষাৎকালে ইউনূসের উদ্ভাবনী কার্যক্রম ও বৈশ্বিক প্রভাবের প্রতি শ্রদ্ধা জানান আইসেসকো মহাপরিচালক। তিনি বলেন, “ছাত্রজীবনে প্রথম আপনার নাম শুনি। আজ আপনার সঙ্গে দেখা করে সত্যিই সম্মানিত বোধ করছি।”
অধ্যাপক ইউনূস আইসেসকোর কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, “শিক্ষা, পরিবেশ ও যুব উন্নয়নে আপনারা যে ভূমিকা রাখছেন, তা প্রশংসনীয়। ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী আমরা।”


