অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে খুনিদের জায়গা দেওয়া নয়— শফিকুল আলম
একটি গ্রহণযোগ্য নির্বাচনের মানে অপরাধীদের জন্য দরজা খোলা নয়—এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন,
“একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে এই নয় যে সেখানে চোর, চোট্টা, বাটপার, খুনি, চরমপন্থি বা সহিংসতাকারীদের জায়গা দিতে হবে।”
তিনি আরও বলেন,
“প্রকৃত অন্তর্ভুক্তি তখনই নিশ্চিত হয়, যখন নির্বাচন হয় অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর পরিবেশে। সেখানে ভোটারদের ব্যাপক অংশগ্রহণই অংশগ্রহণমূলক নির্বাচনের মূল প্রতিচ্ছবি।”
এ ধরনের বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বিশেষ করে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য ও সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে প্রেস সচিবের এই মন্তব্যকে অনেকে ‘নীতিগত অবস্থান’ হিসেবে দেখছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অপরাধী বা সহিংসতাকারীদের অংশগ্রহণ বাদ দিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্মকে শুদ্ধ রাখার এই বার্তা আগামী নির্বাচনকে ঘিরে একটি নৈতিক মানদণ্ড নির্ধারণ করতে পারে।


